আইন প্রতিপালনে রাতেই কলরেট বাড়িয়েছে অপারেটররা : এমটব

১৪ জুন, ২০২০ ১৬:০৭  
বাজেটে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের পরপরই মোবাইলের কলরেট, এসএমএস এবং ইন্টারনেট সেবায় খরচ বাড়ানোর কারণ জানতে চেয়ে অপারেটরদের চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই সরকারের আদেশ প্রতিপালনে রাত থেকেই বর্ধিত খরচ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে অপারেটররা। এ বিষয়ে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস এম ফরহাদ ডিজিবাংলাকে বলেন, "অপারেটররা সরকারের বিধি অনুযায়ীই কাজ করেছে। এ ক্ষেত্রে জাতীয় সংসদে বাজেট ঘোষণার দিনই এস আর ও জারি করা হয় যা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে । অর্থবিলের ৮৮ পাতায় কোন কোন দফা অবিলম্বে কার্যকর হবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এর আওতায় ৮০ নম্বর দফাও আছে। এই দফার অন্তর্ভুক্ত মোবাইল সেবা। এটা নতুন নয়।"